thaba.in

রাজার্ষি চট্টোপাধ্যায়ের মুক্ত গদ্য

শেয়ার করুন

বাহার

পলাশে পলাশ শিমুলে শিমুল

হয়ে আছে চারপাশ

বসন্ত এল বা বুঝি চলে গেল

অন্তর্বর্তী সন্ত্রাস  

লিখে গেল দেওয়ালে দেওয়ালে

আসা হলো না, 

মানে, আসতে পারলাম না, 

মানে, আসলাম না

আমি খুড়োকে জিজ্ঞাসা করলাম, এই ফুল আর কদ্দিন। খুড়ো বলল, আর দিন দশ বার। জল হলো কই? 

গাছে আমের মুকুলগুলো ধরেছিল সবে। একটা একটা করে পড়ে যাচ্ছে।

আকাশ আলো হয়ে এল। গৈরিক আলো। 

আর আমি সবচেয়ে উঁচু ডালে থাকা একগুচ্ছ বিরহী পলাশের ছায়া ও ছবি তোলার চেষ্টা করলাম। 

যাওয়া হলো না,

মানে, যেতে পারলাম না 

মানে, গেলাম না

শুশুনিয়া মোড় থেকে দিনের শেষ বাসটা কুস্থল পেরিয়ে আরো কোথায় যেন যাবে, সেটায় আমি চড়ে বসব। যেখানে রাঙা হয়েছিল, তার নিচে বসে পড়ব।

সারা রাত ঝরে পড়ার টুপটাপ আর ফুটে যাওয়ার নৈঃশব্দে ঘুমিয়ে থাকব সারারাত।

যাব না কোথাও আমি এই আর সামনের দশ বার দিন।

******

একটা পাখি ডাকছে। অনেকটা রাত। তাই বলা যেতে পারে অনেকটাই রাতচরা। আমি আর খুড়ো দাওয়ায় বসে আছি। আগে কখনো শুনিনি তাই খুড়োকে জিজ্ঞাসালাম, কী পাখিরে খুড়ো?

বার দুয়েক মাথা চুলকে বলল, ভালো পাখি।

ধরো, আমি নেই

আর আমি যে নেই, এটা বোঝার জন্য তুমিও নেই

মাটির ওপর দুধ শাদা আলো 

এমনই যে অনেক নিচ পর্যন্ত দেখা যায় 

ঠাহর করা যায় এ পৃথিবী মূলত পোকামাকড় 

কীট পতঙ্গ আর পাখ পাখালিদের

একদিকে ধামসা মাদল, আরেকদিকে অষ্টপ্রহর। মাঝে আমি শুয়ে আছি। টানা দুদিন শুয়ে আছি। ভোরে জানলা দরজা খুলে দিচ্ছি। রোদ উঠে গেলে আবার সব বন্ধ। কুকারে আতপ চাল মুগ ডাল হরেক সবজি বসিয়ে সেদ্ধ দিচ্ছি। দিনেও যা, রাতেও তাই। চলছে বেশ। ঘুম থেকে উঠে মনে করতে পারছি না, ছবি (ফিল্ম) দেখছিলাম না স্বপ্ন। স্বপ্ন না ছবি। একটু জ্বরের মতো। একটু প্রলাপ ও মারীর মতো। 

আলো পড়ে গেলে জানলা দরজা খুলে দিচ্ছি। দাওয়ায় এসে বসছি। নিশিতে পাওয়ার মতো বসে থাকছি। আর ঠিক এই সময় পাখিটা ডেকে উঠছে। ভালো পাখি। 

খুড়ো, আমি তোর মতো কবে হব?

রাজার্ষি চট্টোপাধ্যায়

জন্ম: ৭ই মে, ১৯৭০। স্থান: বরানগর, কলকাতা। প্রকাশিত গ্রন্থ: নাবিক জন্মের ভবিষ্য (কাব্যগ্রন্থ, ১৯৯৮), জগৎকারুসভা (কাব্যগ্রন্থ, ২০০৫), পিগিকলোনি (কাব্যগ্রন্থ, ২০১০), প্রিয় কার্ডিগান (কাব্যগ্রন্থ, ২০২১), রমলাকান্তের উট (গদ্যগ্রন্থ, ২০০৭), রমলাকান্তের উট ও অন্যান্য (গদ্যগ্রন্থ, ২০১২), কথাপুরুষম (গদ্যগ্রন্থ, ২০১৬), গদ্য গল্প সংগ্রহ -১ (২০২১), ঋতবীণা (উপন্যাস, ২০১৪) এবং Poppy Field and Scarlet Flowers (English Anthology, 2018)। সম্পাদিত পত্রিকাঃ খামার, রেফ, জার্নি ৯০ ও ৯’য়াদশক। গবেষণাধর্মী কাজ: কবিতা থেকে কৃত্তিবাস থেকে কৌরব – বাংলা কবিতায় নতুনের সন্ধান (Junior fellowship, Indian Ministry of Culture)।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top