thaba.in

শুভঙ্কর দাশের কবিতা

শেয়ার করুন

‘ফক্কড়নামা’ শুভঙ্কর দাশের জীবদ্দশায় প্রকাশিত শেষ বই। প্রকাশকাল: ডিসেম্বর, ২০২৩। প্রকাশক: হপ্তাক কাচরা। সেই বই থেকে কিছু কবিতা এখানে রাখা হল:

 

জন্ম 

জন্ম একটা ব্যাপার বটে।

জড়িয়ে মড়িয়ে 

ভালবাসায় কাটিয়ে ফেলা

কিছুটা পল অনুপল।

থাকলে আছে না থাকলে নেই। 

 

ফোন

কেউ ফোন কেটে দেয়

অথচ অভিযোগ করে 

আমি ফোন করি না কেন।

আমি আজকাল আর আগ বাড়িয়ে 

কাউকে ফোন করি না।

করতে ভয় লাগে।

সবাই তো আর আমার মতো বেকার নয়

যে মানুষের মুখের দিকে তাকিয়ে থাকবে

তারা ফুটেছে কিনা দেখতে যাবে ছাতে।

গাছে জল দিতে দিতে ভাববে

কবে ফিরে আসবে ফুলেরা ফের।

এইসব নিয়েই একদিন শেষ হবে সব

ভালোবাসাও আসলে একটা হরর স্টোরি

যার কোনো আদি অন্ত নেই।

 

দানা

যেন একটা চিনির দানা

সূর্যটা ক্যালিফোর্নিয়া থেকে 

আমার ঘরে বেড়াতে এসেছে।

এরপর ঘরের দেওয়ালগুলো

জল হবে

ঢেউ হবে

আর তাতে খেলবে মাছেরা।

দু একটা মুখ বাড়িয়ে গল্প শোনাবে

দূর সমুদ্রের

অচেনা দেশের অচেনা বন্ধু-বান্ধবীর

যাদের সাথে হয়ত কখনো দেখা হয়ে যেতে পারে

কোনদিন।

 

আশা

চেয়ারে বসে দেওয়ালের দিকে 

ফ্যাল ফ্যাল করে তাকিয়ে

ভাবছি ছোটো মেয়েটার কথা

যে লিখেছে

পাখির মতো খাদের ধারে দাঁড়িয়ে

ওড়ার কথা ভাবাই হয়ত আশা।

আরেকটু জীবনের।

আরেকটু বেঁচে থাকতে চেয়ে

মেঘ মল্লার গাইছে কেউ।

আমাদের কাছে অবশ্য মেঘ মল্লার মানে

ব্যস্ত রাস্তার ধারের একটা ফ্ল্যাট বাড়ি।

গেটে দাঁড়ানো টুপি পরা কঠিন মুখগুলো।

যেখানে চোখ ভেজাবার উপায় নেই।

 

অপেক্ষায়

লাইব্রেরির কার্ডে স্যামুয়েল বেকেটের

বই তুলে যারা ফুটপাতের বইয়ের দোকানে

বেচে দিয়ে নেশা করেছে কলকাতায় একদিন,

সেইসব নেশাড়িরা ক্রমাগত কমতে কমতে

নেই হয়ে গেল কবে যেন।

গোডো আর আসবে না কোনো দিন এই জেনে।

অপেক্ষার অপেক্ষায় পুরোটা জীবন 

কবে যেন হুশ করে চলে গেছে কাহাদের।

এখনো আমার বইয়ের তাকে

তারা উঁকি মারে

মন খারাপ করে কিনা বলতে পারব না।

শুভঙ্কর দাশ

শুভঙ্কর দাশ (১৩ই মার্চ, ১৯৬৩ – ২২শে মে, ২০২৪) ছিলেন একজন ভারতীয় কবি, অনুবাদক, লেখক, সম্পাদক ও প্রকাশক। কলকাতা শহরে আজীবন স্বাধীন ভাবে লেখালিখিতে নিয়োজিত ছিলেন। বাংলা ও ইংরেজি দুটো ভাষাতেই কবিতা লিখেছেন। ১৯৮৬ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম কবিতার বই ‘বিকৃত মস্তিষ্কের গান’। কবিতা ও গদ্য মিলিয়ে প্রকাশিত বইয়ের সংখ্যা তিরিশের ওপর।

আমেরিকা থেকে ইংরেজিতে তিনটে কবিতার বই প্রকাশিত হয়েছে এবং সমসাময়িক বিভিন্ন আমেরিকান কবিতা সংকলনে সংকলিত হয়েছে তাঁর কবিতা। বেশ কিছু কবিতা ইংরেজি থেকে অনুদিত হয়েছে গ্রিক, ইতালিয়ান, সুইডিশ ও রোমানিয়ান ভাষায়। 

ইংরেজি থেকে অনুবাদ করেছেন চার্লস বুকাওস্কি, রিচার্ড ব্রটিগান, অ্যালেন গিনসবার্গ, জ্যাক মিশেলিন, স্টিভ রিচমন্ড সহ আরও অনেক আমেরিকান কবি-লেখকের কবিতা, ছোট গল্প, জার্নাল, সাক্ষাৎকার ও উপন্যাস।     

আশির দশকের শেষ ভাগে শুরু করেন ‘গ্রাফিত্তি’ নামক প্রকশনা ও পরবর্তীতে একই নামে ছোট পত্রিকা। আমৃত্যু সম্পাদনা করেছেন গ্রাফিত্তি পত্রিকা ও গ্রাফিত্তি প্রকশনা থেকে প্রকাশ করেছেন মূলধারার বাইরের কবি-লেখকদের বই ও অনুদিত বই।

ইয়োরোপে ছড়িয়ে থাকা কবি-লেখক-চিত্রকর বন্ধু-বান্ধবীদের আমন্ত্রণে কবিতাপাঠ, সাক্ষাৎ ও আড্ডার উদ্দেশ্যে গ্রিস, সুইডেন, ইতালি ইত্যাদি দেশে মাস খানেকের সফর করেন ২০১০ নাগাদ। এই সফর নিয়ে তাঁর বই ‘ইয়োরোপের দিনগুলো’ প্রকাশিত হয় তাঁর মৃত্যুর পর। প্রকাশক: হপ্তাক কাচরা।

লেখেলিখি ও সম্পাদনার কাজ করতে করতেই আকস্মিক প্রয়াণ ঘটে তাঁর। 

আজও কলকাতা বইমেলা কিংবা লিটল ম্যাগাজিন মেলায় ‘গ্রাফিত্তি’ ও ‘হপ্তাক কাচরা’র টেবিলে টের পাওয়া যায় তাঁর জলজ্যান্ত উপস্থিতি।      

উল্লেখযোগ্য কিছু বইঃ By the Banks of the Ajoy, Jaideb Vanishes into the Blue (Poems, ISBN 978-110534-133-5, Virgogray Press, USA, 2011), শুভঙ্কর দাশের কবিতা (কবিতা, প্রতিশিল্প, বাংলাদেশ, ২০১১),  Thieves of the Wind (Poems, with Catfish McDaris, ISBN 978-1-49967-033-2, Writing Knights Press, USA, 2014), 66 lines On Your Soul (Poems, with Catfish McDaris & Kevin Ridgeway, Graffiti, 2014), Bukowski Smoked Bidis (Poems, Grandma Moses Press, USA, 2015), একা শহর ও অন্যান্য (কবিতা, গ্রাফিত্তি, ২০২১), ছায়া-সিদ্ধার্থ (গদ্য, গ্রাফিত্তি, ২০২৩), ফক্কড়নামা (কবিতা ও গদ্য, হপ্তাক কাচরা, ২০২৩) ইত্যাদি। 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top